বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদেরকে যারা হুমকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে মানুষ নিরাপদ থাকতে পারবে না। এবার লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতি সবই আমরা দমন করব। ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাব।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা সিঁদুর বা বোরকা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার। ইসলামি শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন, একটি দল চাঁদাবাজি, মাস্তানি করে চলছে। জনগণ আর ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবে না। আমরা ভোটারদের কাছে সরাসরি বিষয়গুলো তুলে ধরব। ২০০১ আমরা যৌথ বাহিনীর মাধ্যমে সন্ত্রাস দমন করেছি।
ডুমুরিয়া সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মশিউর রহমানের সভাপতিত্বে ও ইজাজুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আবদুল কাইউম জোমাদ্দার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, ছাত্রশিবিরের খুলনা জেলা সেক্রেটারি মোমিনুর রহমান, ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি এডভোকেট অশোক কুমার সিংহ, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, ডুমুরিয়া সদর ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের, খেলাফত মজলিস নেতা মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সময়ের আলো/আআ