বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যার পাশে থাকে, কেউ তাকে আটকাতে পারে না। জনগণ ছিল বলেই বিএনপি আজ এই পর্যায়ে এসেছে।
বৃহস্পতিবার (২৯জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি আটজন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। তাদের নির্বাচিত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের অনুরোধ করেন।
তারেক রহমান বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কাজেই আমার পরিকল্পনা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা হল ১২ তারিখ বিএনপিকে জয়ী করা।
তিনি বলেন, এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এতো দাবি থাকলে গত ১৭ বছরে কি উন্নয়ন হলো? আমরা যেহেতু এই দেশেই থাকবো, কাজেই আমাদেরই এই দেশের উন্নয়ন করতে হবে। প্লেনে চড়ে আমাদের তো আর পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই।
তারেক রহমান বলেন, এই জেলা ধানের ভান্ডার, এখানে বছরে তিনটি ধান উৎপাদন হয় যেটা জিয়াউর রহমানের আমলে শুরু হয়েছিল বরেন্দ্র প্রকল্প চালু করার পর। আমাদের প্রধান পেশা কৃষি। সেই জন্য কৃষকদের ভালো রাখতে হবে এবং সুবিধা দিতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করব। এটা আমি রাজশাহীতে বলেছি, এখানেও বলছি। শুধু ঋণ মওকুফ করবো না, আমরা সকলকে কৃষক কার্ড তুলে দিব। এই কৃষি কার্ড দিয়ে একটা ফসলের সব কিছু তুলে নিতে পারবে কৃষক, যাতে ওই কৃষকের অর্থনৈতিক ভীত শক্ত হয়।
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট-১ আসনের বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনের প্রার্থী আব্দুল বারী, বিএনপি কেন্দ্রীয় নেতা ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি ও রাজশাহী বিভাগের নেতা ওবায়দুল হক চন্দন প্রমুখ