দেশে এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

দেশে বর্তমানে এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের বাস্তব সম্ভাবনা রয়েছে। এ অর্থ সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা গেলে বৈষম্যহীন,

2026-01-30T03:08:54+00:00
2026-01-30T03:08:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
দেশে এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের সম্ভাবনা
চতুর্দশ জাকাত ফেয়ার শুরু শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ এএম 
প্রতীকী ছবি
দেশে বর্তমানে এক লাখ কোটি টাকা জাকাত সংগ্রহের বাস্তব সম্ভাবনা রয়েছে। এ অর্থ সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা গেলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং জাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চতুর্দশ জাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের মানুষের মধ্যে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে আকাক্সক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাকাত বড় ভূমিকা রাখতে পারে। জাকাত শুধু তাৎক্ষণিক সহায়তা নয় বরং সঠিকভাবে প্রদান করা হলে তা দরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে, যাতে ভবিষ্যতে তারাও দাতা হতে পারে।

তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচনে সরকারকে বৈদেশিক ঋণ নিতে হয়। অথচ দেশে এক লাখ কোটি টাকা জাকাত আদায়ের সক্ষমতা রয়েছে। এ অর্থ সঠিকভাবে সংগ্রহ করা গেলে দারিদ্র্য বিমোচনে সরকারকে ঋণ নিতে হবে না। পাশাপাশি গৃহহীনতা ও চিকিৎসার অভাবে মৃত্যুর মতো ঘটনাও অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

জাকাত ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, দেশে ব্যক্তিগত উদ্যোগে সবচেয়ে বেশি জাকাত আদায় হয়। এখনও শাড়ি-লুঙ্গি বিতরণের প্রবণতা বেশি, যা সমাজ পরিবর্তনে কার্যকর নয়। এর পরিবর্তে ভ্যানগাড়ি, ক্ষুদ্র ব্যবসা বা আয়ের সুযোগ সৃষ্টি করলে প্রকৃত সামাজিক পরিবর্তন সম্ভব।

সংবাদ সম্মেলনে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, চলতি বছরে সিজেডএমের জাকাত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৯০ কোটি টাকা। সংস্থাটি মেধা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীকে চার হাজার টাকা করে ৩০ মাসব্যাপী ‘জিনিয়াস উচ্চ বৃত্তি’ সহায়তা দেওয়া হয়েছে। চলতি বছরও ৫০০ শিক্ষার্থী এ বৃত্তি পাচ্ছে।

তিনি জানান, সিজেডএমের অধীনে সারা দেশে ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠান রয়েছে, যেখানে নিয়মিত চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ডায়ালাইসিস সেন্টারে প্রতি মাসে ৬০ জন রোগী বিনামূল্যে সেবা পাচ্ছেন এবং ৩০ জন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার দায়িত্ব সংস্থাটি বহন করছে। পাশাপাশি ১৫টি স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনার পাশাপাশি সাড়ে পাঁচ হাজার মানুষকে ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ইনসাফ প্রতিষ্ঠায় জাকাত’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে চতুর্দশ জাকাত ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে। ফেয়ারের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

এবারের জাকাত ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ২০ মিনিটে ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স : এ রোডম্যাপ ফর দ্য ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসান জিল্লুর রহমান।

দুপুর আড়াইটায় নারীদের জন্য প্রশ্নোত্তর সেশন এবং একই সময়ে অন্য হলে দেশি-বিদেশি ২০টি সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সেশন অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেয়ারে জাকাত ক্যালকুলেশন ও মাসআলা-মাসায়েলসংক্রান্ত সহায়তা প্রদান করা হবে। এতে দেশের খ্যাতনামা আলেম ও শিক্ষাবিদরা দিকনির্দেশনা দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের নির্বাহী কমিটির আহ্বায়ক মুনাওয়ার মিসবাহ মঈন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আরাস্তু খানসহ সংশ্লিষ্টরা।

এফআর


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: