ঢাকায় সক্রিয় চার শতাধিক ভাড়াটে খুনি, কোন এলাকায় বেশি

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানী ঢাকায় বর্তমানে প্রায় সাড়ে চারশো ভাড়াটে খুনি সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। এসব শুটারের মাধ্যমে একের

2026-01-30T15:42:48+00:00
2026-01-30T15:42:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকায় সক্রিয় চার শতাধিক ভাড়াটে খুনি, কোন এলাকায় বেশি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম 
ঢাকায় বর্তমানে প্রায় সাড়ে চারশো ভাড়াটে খুনি সক্রিয় রয়েছে। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় বর্তমানে প্রায় সাড়ে চারশো ভাড়াটে খুনি সক্রিয় রয়েছে বলে গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। এসব শুটারের মাধ্যমে একের পর এক টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত ১৩ জন শীর্ষ সন্ত্রাসী এসব হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে এবং সুপারি দিয়ে ভাড়াটে খুনি নিয়োগ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি অভ্যন্তরীণ তালিকা বিশ্লেষণে দেখা যায়, মহানগরীর আটটি অপরাধ বিভাগের মধ্যে মতিঝিল বিভাগে ভাড়াটে খুনির সংখ্যা সবচেয়ে বেশি—শতাধিক। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ারী বিভাগ, যেখানে রয়েছে ৭৩ জন শুটার। তেজগাঁও ও মিরপুর বিভাগে রয়েছে যথাক্রমে ৬১ ও ৬০ জন করে। এছাড়া রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ২৪ জন, গুলশানে ১৬ জন এবং উত্তরা বিভাগে ১৩ জন ভাড়াটে খুনি সক্রিয় রয়েছে।

থানা ভিত্তিক হিসাবেও মতিঝিল থানা শীর্ষে রয়েছে, যেখানে তালিকাভুক্ত ভাড়াটে খুনির সংখ্যা ১০৬ জন। এরপর পল্লবী থানায় ৪২ জন এবং অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত মোহাম্মদপুরে রয়েছে ৩৯ জন শুটার। কদমতলী, শ্যামপুর ও নিউমার্কেট থানায় রয়েছে যথাক্রমে ৩৪, ২১ ও ২০ জন করে ভাড়াটে খুনি।

অপরাধ ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, ভাষানটেক এলাকার সন্ত্রাসী রুপচানের বিরুদ্ধে সবচেয়ে বেশি—৪৩টি মামলা রয়েছে। একই এলাকার বাবুলের বিরুদ্ধে রয়েছে ৩৪টি মামলা। শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও কিলার আব্বাসের বিরুদ্ধে রয়েছে ৩০টি করে মামলা। তালিকাভুক্ত অর্ধশতাধিক অপরাধীর বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, রাজধানীর এসব ভাড়াটে খুনির বেশিরভাগের সঙ্গেই ১৩ জন শীর্ষ সন্ত্রাসীর সরাসরি যোগাযোগ রয়েছে, যারা বিদেশে অবস্থান করে অপরাধ পরিচালনা করছে। ডিএমপি জানিয়েছে, তালিকাভুক্ত অনেক অপরাধী আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারে সময় লাগছে।


ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চিহ্নিত ও অভ্যাসগত অপরাধীরা যেন এলাকায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, সব ঘটনা পরিকল্পিত না হলেও যেসব অপরাধ পরিকল্পিতভাবে সংঘটিত হচ্ছে, সেসবের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভাড়াটে খুনিদের সক্রিয়তা আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, এ ধরনের সহিংসতা আবার বাড়লে সাধারণ মানুষ, ভোটার, রাজনৈতিক কর্মী ও প্রার্থীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হবে, যা স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি নানা পক্ষ সক্রিয় হতে পারে। এ জন্য হাতে থাকা সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাহিনী ও কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়া জরুরি।

এদিকে ভাড়াটে খুনিদের তৎপরতা ঠেকাতে রাজধানীতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে ডিএমপি।


/ইউএমএইচ


  বিষয়:   রাজধানী  ভাড়াটে খুনি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: