রাজশাহী মহানগর ও বিভাগটির সাত জেলায় ১৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় বিভাগের ৩৭টি আসনে দায়িত্ব পালন করবেন তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন। মহানগরীর নওদপাড়া এলাকায় পোস্টাল অ্যাকাডেমির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগের সাতটি জেলা ও মহানগরীতে ৬৫টি বেইজ ক্যাম্পে ১৪৬ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও সংরক্ষিত রাখা হয়েছে আরও তিন প্লাটুনকে। প্রতি প্লাটুনে ১০ জন করে থাকবেন বিজিবি সদস্যরা। বিভাগে নির্বাচনকালীন দায়িত্বে থাকছেন চার হাজারের বেশি সদস্য।
এছাড়াও জরুরী পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর থাকবে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আধুনিক দুটি এলিসিসহ এক প্লাটুনসহ কুইক রি-একশন ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
একই সঙ্গে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় কে-৯ ইউনিটের সাতটি ডগসহ এক প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টি স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফটের মাধ্যমে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচন রিভারাইন পেট্রোলে নিয়োজিত থাকবে।
সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, নির্বাচনি এলাকায় প্রতিটি ইউনিট ড্রোনের মাধ্যমে নজরদারি করবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দফতরে র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা আছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার না সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী বিওপিতে জনবল বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিং, বডি–ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপনসহ শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলছে।
বিজিবির উপ-মহাপরিচালক কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
এফআর