রাজধানীর আমতলীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ৭ মিনিটে এই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর আমতলী এলাকার ওই পাঁচতলা ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭টা ৭ মিনিটের দিকে সেখানে হঠাৎ আগুন লাগে।
খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে ৭টা ২২ মিনিটে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৫৪ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, গোডাউনে থাকা বিপুল পরিমাণ কর্কশিট ও হার্ডবোর্ড পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/কেএইচও