ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে লক্ষ্মীপুরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনের শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে লক্ষ্মীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও সংবেদনশীল স্থাপনাগুলোতে বিজিবির মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু করে।
বিজিবি সূত্র জানায়, জেলার চারটি সংসদীয় আসন ও পাঁচটি উপজেলার সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই ১০ প্লাটুন বিজিবি। মোতায়েনকৃত প্লাটুনসমূহ সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনি এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে দায়িত্ব পালন করবে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, বিজিবি সদস্যরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
এফআর