দেশের তৃণমূল ফুটবলের ভিত মজবুত করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাসরুট প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘বিএফএফ ফুটবল একাডেমি ফেস্টিভ্যাল ২০২৬’। উৎসবমুখর এই আয়োজনে বাফুফে একাডেমির ১২০ জন খুদে ফুটবলার তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। মাঠের লড়াইয়ে মেতে উঠার পাশাপাশি এই আয়োজন খুদে খেলোয়াড়দের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ফুটবলারদের দক্ষতা ও বয়সের ভিত্তিতে তিনটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপগুলো ছিল ৮-১০ বছর, ১১-১৪ বছর এবং ১৫-১৬ বছর বয়সি খেলোয়াড়দের নিয়ে। প্রতিটি গ্রুপে আলাদা আলাদা ম্যাচে অংশ নেয় খুদে ফুটবলাররা।
মাঠজুড়ে তাদের ফুটবলীয় নৈপুণ্য আর প্রতিযোগিতামূলক মানসিকতা ছিল দেখার মতো। হার-জিত ছাপিয়ে প্রতিটি শিশুর চোখেমুখে ছিল ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আর ভালো করার প্রবল আকাক্সক্ষা। প্রতিযোগিতা শেষে সব অংশগ্রহণকারীর হাতে মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিটি খেলোয়াড়কে আকর্ষণীয় গিফট বক্স প্রদান করা হয়।
খুদে প্রতিভাদের এই উৎসবে উপস্থিত হয়ে তাদের উৎসাহিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএফএফ কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও সাখওয়াত হোসেন ভূঁঞা শাহীন।
অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক এবং টেকনিক্যাল ডিরেক্টরও উপস্থিত থেকে খুদে ফুটবলারদের দিকনির্দেশনা প্রদান করেন।
সময়ের আলো/কেএইচও