ভুটানের জালে বাংলাদেশের গোলোৎসব

ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের জালে গুনে গুনে এক ডজন গোল পুরেছে

2026-02-01T04:30:16+00:00
2026-02-01T04:30:16+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
ভুটানের জালে বাংলাদেশের গোলোৎসব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ এএম   (ভিজিট : ১৬৪)
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের জালে গুনে গুনে এক ডজন গোল পুরেছে পিটার বাটলারের শিষ্যরা। ছবি : সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের জালে গুনে গুনে এক ডজন গোল পুরেছে পিটার বাটলারের শিষ্যরা। অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভুটানের মেয়েরা। 

নেপালের পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচে তিন হ্যাটট্রিকের ঘটনার সাক্ষী হন স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা। মুনকি আক্তার হ্যাটট্রিকসহ চার গোল করেন। এ ছাড়া আলপি আক্তার ও তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। ম্যাচের অপর দুটি গোলের জোগানদাতা অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামুনি চাকমা।

বড় জয়ের ম্যাচেও প্রথম গোল পেতে ২৮ মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে। মামুনি চাকমার নৈপুণ্যে গোলমুখ খোলে। এরপর প্রথমার্ধে ভুটানের জালে আরও তিনটি গোল পুরেন লাল-সবুজের মেয়েরা। ৪৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন তৃষ্ণা রানী। 

প্রথমার্ধের ইনজুরি টাইমে আরও দুই গোল হয়। মুনকি আক্তার এ দুটি গোল করেন। প্রথমার্ধে ধীরেসুস্থে আক্রমণে ওঠা বাংলাদেশের রূপ দ্বিতীয়ার্ধে একেবারেই বদলে যায়। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরায় অর্পিতা বাহিনী। ৫৪ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ব্যবধান ৫-০-তে নিয়ে যায় বাংলাদেশ। ৬০ মিনিটে তৃষ্ণার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৬-০-তে। ম্যাচের প্রথম হ্যাটট্রিকের ঘটনারও জন্ম দেন তৃষ্ণা।

মাঝের ১২ মিনিট ভুটানের রক্ষণভাগের মেয়েরা কোনোমতে গোলপোস্ট আগলে রাখলেও ৭৩ থেকে ৯০ মিনিটের মধ্যে আরও তিন গোল হজম করে ভুটান। ৭৩ মিনিটে আলপি আক্তারের গোলে ৭-০-তে এগিয়ে যায় বাটলারের দল। এরপর ৮১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন মুনকি। ৮৬ মিনিটে আলপি গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন।

তবে মূল আকর্ষণ সৃষ্টি হয় ম্যাচের শেষ মুহূর্তের ইনজুরি টাইমে। তিন মিনিটের ব্যবধানে তিন গোলের দেখা পায় বাংলাদেশ। ৯৩ মিনিটে মুনকি আবারও প্রতিপক্ষের জালে কাঁপন ধরান। ৯৪ মিনিটে অর্পিতা দলের পক্ষে ১১তম গোলটি করেন। পরের মিনিটে আলপি গোল করে ভুটানের কফিনে হারের শেষ পেরেক ঠুকে দেন। এই গোলের মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন আলপি আক্তার।

বড় জয় পেলেও ম্যাচ শেষে মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। পোখরার মাঠ ম্যাচ আয়োজনে অনুপযোগী বলেও মন্তব্য করেন তিনি। বাটলার বলেন, ‘আমরা স্রেফ এখানে খেলতে আসিনি এবং আমি আসলেই মনে করি এই মাঠ ভালো ফুটবল খেলার উপযোগী নয়। 

এই মাঠে স্প্রে দেওয়া হয়েছে যেন সবুজ দেখায় এবং আমার মতে, যে দুটি দল তাদের খেলোয়াড়দের উন্নতির চেষ্টা করছে এবং ভালো ফুটবল খেলার পথে আছে, তাদের এই মাঠে খেলতে বলা অন্যায়। আমি কারও দিকে অভিযোগের আঙুল তুলছি না। শুধু বলতে চাইছি, এই মাঠ যথেষ্ট মানসম্পন্ন নয়।’

বাটলার আরও যোগ করেন, ‘সম্ভাব্য যতবেশি বদলি নামানোর চেষ্টা আমি করেছি। আমার মনে হয় আমরা কিছুটা খেলতে পেরেছি। আমি বলব না আমরা দারুণ এবং ভালো খেলেছি, কেননা এই মাঠে আপনি ভালো ফুটবল খেলতে পারবেন না। তবে আমি মনে করি আমরা কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। মেয়েদের মানসিকতা, নিবেদন এবং দলবদ্ধ হয়ে খেলার মানসিকতায় আমি মুগ্ধ।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভুটান  বাংলাদেশ  গোলোৎসব 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: