কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়রা টের পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় তারা। তবে আগুনে ক্যাম্পের চেয়ার-টেবিল, প্যান্ডেল পুড়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁদ মোল্লা জানান, রাতের আঁধারে মুখ বাঁধা দুই ব্যক্তি ক্যাম্পে আগুন দেয়। এ সময় আশেপাশে আরও লোকজন ছিল। আগুন দেওয়ার পর স্থানীয়রা টের পেয়ে তাড়া দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তবে মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি। আগুনে ক্যাম্পের সব পুড়ে গেছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী হান্নান বলেন, বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি রেজিস্ট্রেশন-বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফআর