তুরস্কের দক্ষিণাঞ্চলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) আন্তালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন এ তথ্য জানিয়েছে।
হুলুসি শাহিন বলেন, ‘আন্তালিয়া শহরের কাছে একটি মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে, আন্তালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কে বুরদুর এলাকায় আরও একটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
দেশটির কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৩৪ জন যাত্রী ছিল। বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়লেও এতে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
গভর্নর হুলুসি শাহিন বলেন, ‘এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু দেখা যাচ্ছে, বাসটি সেখানে অনেক বেশি গতিতে প্রবেশ করেছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল।’
সময়ের আলো/কেএইচও