ফাহমিদা নবী এ দেশের গুণী শিল্পীদের একজন। তার গাওয়া গানের জাদুতে শ্রোতারা মুগ্ধতায় ডুবে যান বরাবরই। এই গুণী শিল্পী সম্প্রতি গাইলেন সিনেমার একটি দ্বৈত গান। ‘তোর ঋণ’ শিরোনামের এই গানটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সংগীত শিল্পী ইমরান মাহমুদুল। এই গানটির মধ্য দিয়ে ইমরান প্রথমবারের মতো ফাহমিদা নবীর সঙ্গে কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিতে যাচ্ছেন।
প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত শেষ চলচ্চিত্র ‘অন্তর্বর্তী’র জন্য করা এই গানটির কথা লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক এস এম কাইয়ুম, সুর করেছেন রাহুল কুমার দত্ত ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন মুশফিক লিটু।
একই চলচ্চিত্রে আরও একটি একক গান গেয়েছেন ফাহমিদা নবী। সেটিও লিখেছেন চলচ্চিত্রটির পরিচালক, সুর করেছেন রাহুল কুমার দত্ত ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন দেশের আরেক জনপ্রিয় শিল্পী পিন্টু ঘোষ।
আরও পড়ুন
দ্বৈত গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ছোট ছোট কথার এই গানটি খুব মিষ্টি। সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টেও দারুণ। আমার খুব ভালো লেগেছে গানটি গাইতে যেয়ে। চেষ্টা করেছি মিষ্টি প্রেমের এই গানটি যেন সবার ভালো লাগে সেভাবে গাইতে।
এই গানটির মধ্য দিয়ে ইমরান আর আমার একসঙ্গে এই প্রথম কোনো দ্বৈত গান হতে যাচ্ছে। আর একই চলচ্চিত্রে আমার আরেকটি যে গান রয়েছে, সেটিও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলে আশা রাখছি। এই দুটি গানই আমার কাছে একটু বিশেষ। এ কারণে যে এটি আমাদের দেশের প্রয়াত গুণী অভিনেতা আহমেদ রুবেল ভাই অভিনীত শেষ চলচ্চিত্র। তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা গান দুটির মধ্য দিয়ে।
চলচ্চিত্রটির পরিচালক এস এম কাইয়ুম বলেন, ফাহমিদা নবী আপু আমাদের এই চলচ্চিত্রে দুটি গান গেয়েছেন। খুব সুন্দর দুটি গান হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে গান দুটি। আর এটি আমার পরিচালিত প্রথম চলচ্চিত্র। আহমেদ রুবেল ভাইয়ের শুটিং শেষ করলেও ডাবিং শেষ করে যেতে পারেননি। এখন আমরা মোটামুটি এডিটিংসহ এর সব কাজ শেষ করে এনেছি। আশা করছি এ বছরেই এটি মুক্তি পাবে।
এদিকে আজ সন্ধ্যায় বিটিভিতে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’ অনুষ্ঠানের এই পর্বের বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ফাহমিদা নবীকে। অনুষ্ঠানটিতে তার গাওয়া জনপ্রিয় গান পরিবেশনা করবেন এ সময়ের পাঁচ শিল্পী- মৌমিতা তাশরিন নদী, সাব্বির জামান, বৃষ্টি, সম্রাট ও পিঙ্কি ছেত্রী। এ ছাড়া শিল্পী নিজেও তার গাওয়া প্রিয় একটি গান পরিবেশন করবেন।
এএডি/