পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজে শিক্ষকদের কাছে কোচিং না করায় নবম শ্রেণির শিক্ষার্থীদের গণহারে ফেল করানোর অভিযোগ উঠেছে। বার্ষিক পরীক্ষায় ফেল হওয়ায় দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেনি ভুক্তভোগী শিক্ষার্থীরা। প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। যারা শিক্ষকদের কাছে কোচিং করে, তাদেরই কেবল পরীক্ষায় পাস করিয়েছে। আর যারা কোচিং করেনি, তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, নবম শ্রেণির প্রমোশন পরীক্ষায় দশম শ্রেণির প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অনৈতিক ও নিয়মবহির্ভূত।
এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
সময়ের আলো/আআ