‘ছুটছি দেশকে জানতে এক প্রান্ত হতে আরেক প্রান্তে’—এই প্রতিপাদ্য নিয়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়তে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ সম্পন্ন করেছেন দুই হাফেজ ভাই।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া জিরো পয়েন্টে পৌঁছানোর মাধ্যমে তাদের প্রায় এক হাজার কিলোমিটারের এই দীর্ঘ যাত্রা শেষ হয়।
ভ্রমণকারী দুই সহোদর হলেন সিয়ামুদ্দিন ও সাইমুদ্দিন। তারা মাদারীপুর জেলার কালকিনি থানার বাঁশগাড়ি এলাকার এক স্কুল শিক্ষকের সন্তান এবং দুজনেই কোরআনে হাফেজ।
গত ১৮ জানুয়ারি টেকনাফের জিরো পয়েন্ট থেকে তাদের এই ব্যতিক্রমী সফর শুরু হয়েছিল। দীর্ঘ ১৬ দিনে তারা রোদ, শীতল বাতাস আর শারীরিক ক্লান্তি উপেক্ষা করে হেঁটে পাড়ি দিয়েছেন দেশের মানচিত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। তাদের পরনে ছিল লম্বা জুব্বা ও মাথায় সাদা টুপি, হাতে ছিল জাতীয় পতাকা এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত ব্যানার।
তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, পবিত্র কোরআনের একটি আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর সৃষ্টিজগত দেখতে এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই তারা এই সফরে বের হয়েছেন। পথে পথে তারা বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও তরুণদের সঙ্গে কথা বলে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।
সিয়ামুদ্দিন ও সাইমুদ্দিন বলেন, ভ্রমণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায়, তা কেবল বই পড়ে সম্ভব নয়। আমাদের এই দীর্ঘ যাত্রায় অনেক মানুষের ভালোবাসা ও উৎসাহ পেয়েছি। আমাদের এই পথচলা দেখে যদি একজন মানুষও মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসে, তবেই আমাদের কষ্ট সার্থক হবে।
তারা আরও জানান, একটি সুস্থ ও নেশামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।
সময়ের আলো/এসকে/জোআই/