তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসেবে, তাহলে আমাদেরকে দমনপীড়ন করার ক্ষেত্রে যেকোনো সরকার দুইবার ভাববে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট’স অ্যালায়েন্স আয়োজিত গণমাধ্যম উৎসব-২০২৬-এ এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ‘দুইটা আইন ড্রাফট (খসড়া) করা হয়েছে। খসড়া মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলছে, এটা মনে করার কোনো সুযোগ নেই। খসড়া ওয়েবসাইটে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে। আপনারা সবাই মতামত দেবেন। মতামত দেওয়ার পর এটা যেভাবে পরিবর্তন করা দরকার, আমরা যদি যুক্তিসংগত মনে করি, পরিবর্তন করব।’
তিনি বলেন, ‘শুধু একটা নির্বাচন দিয়ে কিন্তু গণতন্ত্র আসবে না। সেখানে সংবাদপত্রের একটা অনেক বড় ভূমিকা আছে। তারা তো গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ। সাংবাদিকরা একটা স্তম্ভ, সাংবাদিকতা একটা স্তম্ভ। আপনারা নিজেরা বললেন যে পটপরিবর্তনের পরে আবার আনুগত্য পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখান থেকে কেমন করে আপনারাও উত্তরণ করবেন।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় হিসেবে আমি আসলে দুই মাসও কাজ করার সময় পাচ্ছি না। তারপরও একটা খসড়া করার চেষ্টা করেছি। এটা আরও উন্নত করা হবে, পরিবর্তন করা হবে। উদ্বেগের কিছু আছে বলে আমি মনে করছি না।’
সময়ের আলো/কেএইচও