কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, বিকেলে সুবিচারের মোড়ে ১১ দলীয় জোট ও খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমিনের পক্ষে প্রচারণা চালানোর সময় তাদের উপর হামলা চালায় ধানের শীষের প্রার্থীর সমর্থক বিএনপির নেতাকর্মীরা। হামলার নেতৃত্বে দেয় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থক গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক মেজবাউল হক খোকা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক নাদিরুজ্জামান খসরু, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, ইউনিয়ন বিএনপি নেতা নূর আলম ও যুবদল নেতা তানভীর মিয়া।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, এ সময় লিফলেট, মোবাইল ফোন কেড়ে নিয়ে অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি তাদের।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
এফআর