প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
আত্মহত্যার প্রতীকী ছবি । ছবি : সংগৃহীতঠাকুরগাঁওয়ে ঋণগ্রস্ততা, অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার জেরে মাত্র চার দিনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চারজন।
গত ২৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ঠাকুরগাঁও সদর ও ভুল্লী থানার পৃথক এলাকায় অপমৃত্যুর এসব ঘটনা ঘটে।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ও উপ-পরিদর্শক ফরিদুজ্জামান বলেন, ‘আর্থিক সংকট, ঋণের চাপ এবং তীব্র মানসিক অসুস্থতায় চারটি অপমৃত্যু মামলা সংশ্লিষ্ট থানা গুলোতে রেকর্ড হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সদর উপজেলার জামালপুর ইউনিয়নে এনজিওর ঋণের চাপে কৃষক প্রকাশ চন্দ্র রায় এবং পরদিন ২৭ অক্টোবর পৌর শহরের গোবিন্দনগর এলাকায় ঋণের দুশ্চিন্তায় বাসচালক আক্তার আলীর ছেলে আরিফ পারভেজ আত্মহত্যা করেন।
এছাড়া ৩০ অক্টোবর ভুল্লী থানার কচুবাড়ী কাজীপাড়া এলাকায় দীর্ঘদিনের মানসিক রোগে আক্রান্ত মাদ্রাসা প্রভাষকের স্ত্রী মোছাঃ নারগীস আকতার এবং ৩১ অক্টোবর ভুল্লী থানার ছোট বালিয়া গ্রামের দিনমজুর রাজ কুমার চন্দ্র বর্মন অভাব ও অসুস্থতার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ প্রতিটি ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
সময়ের আলো/এসকে