বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কেবল জাতীয় দলের সাফল্যে নয়, বরং তৃণমূল থেকে শুরু করে বয়সভিত্তিক কাঠামো কতটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে সেই প্রশ্নেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্য সামনে রেখেই দেশের ক্রিকেট কাঠামোর দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও সামগ্রিক রূপরেখা নিয়ে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বিসিবি।
বুধবার এক বিবৃতিতে ওই সভার বিস্তারিত জানায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। বিসিবি জানায়, সভায় তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বিদ্যমান কাঠামো গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। এই দুই স্তরের ক্রিকেট কতটা কার্যকরভাবে কাজ করছে, কোথায় উন্নতির সুযোগ রয়েছে তা চিহ্নিত করাই ছিল আলোচনার মূল উদ্দেশ্য।
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বয়সভিত্তিক ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া পুনর্বিবেচনার বিষয়ে। পাশাপাশি বয়স যাচাই পদ্ধতি আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা উঠে আসে সভায়। বিসিবির মতে, ভবিষ্যৎ জাতীয় দলের ভিত্তি গড়তে হলে বয়সভিত্তিক ক্রিকেটে স্বচ্ছতা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি।
কোচিং কাঠামো নিয়েও ছিল বিস্তৃত আলোচনা। যারা নিজ নিজ পর্যায়ে সফলভাবে খেলোয়াড় বিকাশে ভূমিকা রাখবেন, তাদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো পর্যালোচনা এবং পেশাগত উন্নয়নের জন্য সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ার পথ নির্ধারণের ওপর জোর দেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়কে নিয়ে একটি বিস্তৃত ডাটাবেজ তৈরির গুরুত্বও তুলে ধরে বিসিবি। এই ডাটাবেজ পারফরম্যান্স ট্র্যাকিং, খেলোয়াড় মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছে বোর্ড।
এ ছাড়া কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট একাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাবও এসেছে, যা দেশের ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।
এই সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।
সময়ের আলো/আআ