মেহেরপুরের মুজিবনগরে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতের হামলায় নারীসহ পাঁচজন হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের পিটিআই ও নতুন গ্রামের মাঝামাঝি স্থানে ঘটনা ঘটে।
আহত পাঁচজন হলেন আব্দুর রশিদ (৩০), সোহানি জামান (২৭), উবসন (৪০), ৩ বছরের শিশু আয়ান ও অটোচালক রাজা মিয়া (৩৭)। আহত দুইজন মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
ভুক্তভোগীরা জানায়, উপজেলার মোনাখালি গ্রাম থেকে আব্দুর রশিদের স্ত্রী সোহানি জামানকে নিয়ে অটোরিকশা করে মেহেরপুর জেনারেল হাসপাতালে যাচ্ছিল পরিবারের সদস্যরা। তাদের অটোরিকশাটি পিটিআই ও নতুন গ্রামের মাঝামাঝি স্থানে এসে পৌঁছালে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে গতি রোধ করে।
এ সময় অটোরিকশাতে থাকা সবাইকে মারধর করে মহিলাদের কাছে থেকে কানের দুল, দুইটি মোবাইল এবং নগদ টাকা নিয়ে যায়। পরে মুজিবনগর থেকে আসা জে আর পরিবহনের একটি বাস তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত আব্দুর রশিদ ও অটোরিকশা চালক রাজা মিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
সময়ের আলো/আআ