হকির চারণভূমিতে খেলার সংকট

মামুন হোসেন

রাজশাহীকে বলা হয় হকির চারণভূমি। অনেক তারকা খেলোয়াড়ের জন্ম, ওঠে আসার গল্পটা এই পদ্মাপাড়েই রচিত। ‘রবিউদ্দিন’— রাজশাহীর হকির কথা উঠলে

2026-02-06T05:17:00+00:00
2026-02-06T05:17:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
হকির চারণভূমিতে খেলার সংকট
তুফান স্মৃতি হকি টুর্নামেন্ট
মামুন হোসেন
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ এএম 
উদ্বোধনী অনুষ্ঠানে ড. রণজিত বিশ্বাস, উজ্জ্বল কবিরসহ অন্যরা। সংগৃহীত ছবি
রাজশাহীকে বলা হয় হকির চারণভূমি। অনেক তারকা খেলোয়াড়ের জন্ম, ওঠে আসার গল্পটা এই পদ্মাপাড়েই রচিত। ‘রবিউদ্দিন’— রাজশাহীর হকির কথা উঠলে সবার আগে এ নামটিই আসবে। 

এই অঞ্চল থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া প্রথম খেলোয়াড় অকাল প্রয়াত রবিউদ্দিন। যার নামে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের প্রধান ফটক নামাঙ্কিত। রবিউদ্দিন রাজশাহীর হকিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এর পরের তালিকাটাও সুদীর্ঘ। শামীম রেজা থেকে বর্তমানে জাতীয় দলে খেলা ফরহাদ আহমেদ শিতুল, ফজলে হোসেন রাব্বি; মাঝে জাহিদুল ইসলাম রাজন, কৃষ্ণ কুমার, সাব্বির রানা, রিমন কুমার ঘোষসহ আর অনেকের গায়ে উঠেছে লাল-সবুজের গর্বের জার্সি। সেই হকির চারণভূমিতে এখন খেলার সংকট।

শুধু রাজশাহী নয়, মাঠে হকি নেই দেশজুড়েই। এই আক্ষেপ ঘোচাতে রাজশাহীতে সাত দলের অংশগ্রহণে প্রথমবার অনুষ্ঠিত হলো ‘তুফান স্মৃতি ফাইভ এ সাইড’ হকি টুর্নামেন্ট। রাঙ্গাপরি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন সম্পন্ন হয়। যেখানে ঢাকা, বগুড়া, ময়মনসিংহ ও জয়পুরহাট—এ চার জেলার তরুণ হকি খেলোয়াড়রা অংশ নেন। পাশাপাশি অংশ নেয় রাজশাহী হকির তিন বিখ্যাত ক্লাব—সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব, ষষ্ঠীতলা ক্লাব ও কাজিহাটা হকি ক্লাব। আগামী দিনে জাতীয় দলের অংশ হতেই এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসা শতাধিক তরুণ।

তুফান রাজশাহীর এক তরুণ হকি খেলোয়াড়। দুর্ভাগ্যবশত গত বছর এক দুর্ঘটনায় প্রাণ হারান। তার স্মৃতিকে ধরে রাখতেই মূলত তুফান স্মৃতি হকি টুর্নামেন্টের আয়োজন। প্রধান পৃষ্ঠপোষক রাঙ্গাপরি ডেভেলপারের ম্যানেজিং ডিরেক্টর মো. উজ্জ্বল কবিরের পাশাপাশি আরও অনেকেই এই আয়োজনে পাশে এসে দাঁড়িয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে থাকা তারকা ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিতুল এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন। এ ছাড়া সাবেক হকি খেলোয়াড় ও সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবের কোচ নুরুল আনোয়ার চন্দন টুর্নামেন্ট কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদুল ইসলাম রাজন, সহ-সভাপতি হিসেবে শেখ মো. নাদিম এবং টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক হকি খেলোয়াড় ও বর্তমান জাতীয় ফুটবল রেফারি মোহাম্মদ আক্তার হোসেন। আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকি,  দেশসেরা দুই আম্পায়ার লিটন ও পিয়াল খেলা পরিচালনা করেন।

রাজশাহীতে হকি খেলোয়াড় তৈরির কারিগর বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান, ছানা নামেই যিনি সমধিক পরিচিত। তুফান স্মৃতি টুর্নামেন্টের সঙ্গে তিনিও জড়িত। আয়োজনের সঙ্গে আরও অনেক বড় নাম জড়িয়ে। বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদত হোসেন রওশন, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, আবু মো. সুলতানুল ইসলাম লাবু, রইস উদ্দিন আহমেদ বাবু, রফিকুল ইসলাম সওদা, হকি ফেডারেশনের সাবেক সদস্য তৌফিকুর রহমান রতন, এবি সিদ্দিক পল্টু, আতিকুর রহমান আরিফ, শফিকুর রহমান রয়েলসহ আরও অনেকেই।

রাজশাহী হকির বর্তমান অবস্থা সম্পর্কে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদুল ইসলাম রাজন জানান, ‘আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নতুন খেলোয়াড় তৈরি করার জন্য তুফান স্মৃতি টুর্নামেন্ট করা এবং ছোট ভাই তুফানের স্মৃতিকে ধরা রাখা। আগামীতে এই টুর্নামেন্টটা আরও অনেক বড় আকারে আমরা করব ইনশাআল্লাহ।’

রাজন আরও যোগ করেন, ‘আমি চাইব যে তরুণরা খেলাধুলাতে যেন নিয়মিত হয়, এ জন্য ফেডারেশনগুলোকে এগিয়ে আসতে হবে। বার্ষিক একটা শিডিউল থাকা উচিত নিয়মিত খেলার জন্য। যেগুলো আমাদের নেই। হকি নিয়মিত মাঠে থাকলে ভবিষ্যতে দেশের হকি আরও অনেকদূর এগিয়ে যাবে।’

সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবের কোচ ও সাবেক খেলোয়াড় নুরুল আনোয়ার চন্দন বলেন, ‘রাজশাহীতে অনেক তারকা হকি খেলোয়াড়ের জন্ম। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার ডিভিশন সবখানেই রয়েছে এই অঞ্চলের বিরাট অংশগ্রহণ। আমি চাইব খেলাটা যেন মাঠে থাকে, খেলোয়াড়রা যেন উপকৃত হয়।’ চন্দনের মতো একই সুরে সুর মেলান আক্তার হোসেন, শেখ মো. নাদিমসহ অন্যরাও।

এফআর


  বিষয়:   হকি  চারণভূমি  খেলার সংকট  তুফান স্মৃতি হকি টুর্নামেন্ট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: