টাইগারদের সমর্থনে সোচ্চার ইংল্যান্ডের নাসের হুসেইন

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট আর রাজনীতি যখন একবিন্দুতে এসে মিলেছে, তখন মোস্তাফিজুর রহমান ইস্যু ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনে বাংলাদেশের অনড় অবস্থানের পক্ষে জোরালো

2026-02-06T05:22:07+00:00
2026-02-06T05:24:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
টাইগারদের সমর্থনে সোচ্চার ইংল্যান্ডের নাসের হুসেইন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ এএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৫:২৪ এএম
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। সংগৃহীত ছবি
ক্রিকেট আর রাজনীতি যখন একবিন্দুতে এসে মিলেছে, তখন মোস্তাফিজুর রহমান ইস্যু ও টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনে বাংলাদেশের অনড় অবস্থানের পক্ষে জোরালো সমর্থন দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক নাসের হুসেইন। সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের যে সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তাকে সাধুবাদ জানিয়েছেন এই প্রখ্যাত ধারাভাষ্যকার। নাসেরের মতে, খেলায় রাজনীতির অতিমাত্রায় হস্তক্ষেপ এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো একটি পক্ষকে প্রতিবাদী হয়ে দাঁড়ানো জরুরি ছিল।

কেবল বাংলাদেশই নয়, সংহতি প্রকাশ করে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্তকেও সঠিক ও সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন তিনি। স্কাই স্পোর্টসের এক বিশেষ আলোচনায় সাবেক সতীর্থ মাইক আথারটনের সঙ্গে আলাপকালে হুসেইন স্পষ্টই জানান, বর্তমান বাস্তবতায় পাকিস্তানের সামনে ম্যাচ বর্জন ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।

সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের নিজেদের অবস্থানে অটল থাকা আমার বেশ ভালো লেগেছে। তারা নিজেদের ক্রিকেটার ফিজের (মোস্তাফিজ) পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানকেও ভালো লেগেছে, যদিও জানি এটা রাজনৈতিক, তবু ভালো লেগেছে বাংলাদেশের পাশে থেকেছে পাকিস্তান। কোনো একটা পর্যায়ে কাউকে তো বলতে হবে, যথেষ্ট রাজনীতি হয়েছে, এখন কি আমরা ক্রিকেট খেলাটায় ফিরে যেতে পারি? কাজেই এটা হতে পারে সত্যিকারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ একমাত্র যেদিক থেকে পাকিস্তান আঘাত করতে পারে আইসিসিকে কিংবা এমনকি ভারতকে, সেটা হলো অর্থ, ভারত-পাকিস্তান ম্যাচের অর্থ দিয়ে। এটিই একমাত্র পথ।’

ক্রিকেট মাঠে রাজনীতির ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। তার মতে, মাঠের লড়াই ছাপিয়ে এখন রাজনৈতিক মেরুকরণই মুখ্য হয়ে উঠেছে। উদাহরণ হিসেবে তিনি গত এশিয়া কাপের অপ্রীতিকর ঘটনাগুলো সামনে আনেন। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো কিংবা এসিসি ও পিসিবি প্রধান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণে অনীহা প্রকাশের মতো বিষয়গুলো উল্লেখ করে হুসেইন হতাশা ব্যক্ত করেন। তার দৃষ্টিতে, ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী এই ঘটনাগুলো ক্রিকেটের চিরায়ত সংহতিকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

নাসের হুসেইন বলেন, ‘সত্যি বলতে, খুবই হতাশাজনক। ক্রীড়া, ক্রিকেট এবং রাজনীতি সবসময়ই পারস্পরিক জড়িয়ে। ক্রীড়া ও রাজনীতির মধ্যে একটা যোগসূত্র সবসময়ই ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই যোগসূত্র ক্রমে বাড়ছে এবং বাড়ছেই। আগে এটা ছিল ব্যতিক্রম, এখন এটাই যেন স্বাভাবিক হয়ে উঠেছে। শুধু রাজনীতি ও রাজনীতিবিদরাই নন, এখন ক্রিকেটাররাও। গত বছর দুয়েকে ক্রিকেটারদের যেভাবে দেখেছি, যেটা বললাম, সত্যিই হতাশাজনক। হাত মেলাচ্ছে না, ট্রফি নিচ্ছে না। ক্রিকেট আগে বিভিন্ন দেশ ও জাতিকে একতাবদ্ধ করত, এখন এটি মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।’

বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। বাংলাদেশের জায়গায় যদি খোদ ভারত থাকত, তবে আইসিসি তাদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সাহস দেখাতে পারত কি না সেই প্রশ্ন তুলেছেন। সবাইকে সমান নজরে দেখা হচ্ছে না বলেই বিশ্বক্রিকেটের ভারসাম্য চরম সংকটে। নাসের হুসেইন মনে করেন, এই পক্ষপাতদুষ্ট আচরণই ক্রিকেটের প্রকৃত স্পিরিটকে নষ্ট করে দিচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে আপনি যেভাবে দেখবেন, পাকিস্তানকেও সেভাবে দেখতে হবে, ভারতকেও একইভাবে দেখতে হবে। এখন ভারতীয় সমর্থকরা আরও চিৎকার করতে পারে যে, ‘আমাদের টাকা আছে...’, কিন্তু ক্ষমতার সঙ্গে সঙ্গে দায়িত্বও আসে। যদি বাংলাদেশ ও পাকিস্তানকে ক্রমাগত আঘাত করতে থাকেন, তাদের ক্রিকেট হ্রাস পায়, তা হলে অতীতে ভারত-পাকিস্তানের যে দারুণ লড়াইগুলো আমরা দেখেছি বা ভারত-বাংলাদেশের, তা একতরফা হয়ে ওঠে, যেমনটি হচ্ছে।’

এদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে সালমান বলেছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না।’

এফআর


  বিষয়:   টাইগার  সমর্থন  সোচ্চার  ইংল্যান্ড  নাসের হুসেইন  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: