জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে এ ঘটনা নিয়ে নির্বাচন পেছানো হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এর জবাবে ফেসবুক পোস্ট নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দেওয়া ওই পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, নির্বাচন ১২ তারিখেই হবে।
পোস্টে বলা হয়, নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।
এর আগে, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এসময় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এছাড়াও পুলিশের লাঠিচার্জ ও জলকামানে ইনকিলাব মঞ্চের ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সময়ের আলো/কেএইচও