বাংলাদেশে বিনা টাকায় ভোট এবং বিনা টাকায় সেবার সংস্কৃতি চালু করতে চান বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিনা টাকায় আগামী পাঁচটি দিন আমাদের জন্য কাজ করবেন, বিনিময়ে আগামী ৫ বছর আপনাদের সব দায়িত্ব আমি নেব। আমরা এই বাংলাদেশে বিনা টাকায় ভোট এবং বিনা টাকায় সেবার সংস্কৃতি চালু করতে চাই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী গ্রামে আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশ্যে সারজিস বলেন, আপনারা যদি বিনা টাকায় ভোট দেন, তবে সরকারি বিভিন্ন কার্ড বা সেবা পেতে আপনাদের কোনো টাকা-পয়সা দিতে হবে না। গত দেড় বছরে আমরা প্রমাণ করেছি, মানুষের কাজ করতে টাকা লাগে না। আমরা মূলত এই পরিবর্তন আনতেই রাজনীতিতে এসেছি।
অন্যান্য দলের আর্থিক সক্ষমতার সঙ্গে তুলনা করে তিনি বলেন, আমাদের কাছে কোনো চাঁদার টাকা নেই, যে তা দিয়ে ভোট কিনব। আমি স্পষ্ট করে বলছি, এক টাকা দিয়েও আমি একটি ভোট কিনব না। তবে আপনারা যদি মনে করেন এলাকার উন্নয়ন, নিরাপত্তা এবং সম্মান প্রয়োজন, তবে বিবেককে প্রশ্ন করে শাপলা কলি প্রতীকে ভোট দিন।
প্রতিপক্ষ দলের হুমকির বিষয়ে ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো ভয় বা ধমকে প্ররোচিত হবেন না। যারা সত্যিকারের সেবক হতে পারবে, তাদেরই বেছে নিন। আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি কারণ তাদের ব্যবহার ভালো। তারা মানুষের ওপর জুলুম বা নির্যাতন করে না। আমরা সবসময় ভালো মানুষের সঙ্গেই থাকতে চাই।
এফআর