বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের কদর যে প্রতিনিয়ত বাড়ছে তার নতুন নজির সৃষ্টি হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে।
টুর্নামেন্টের আগামী আসরকে সামনে রেখে এবার রেকর্ডসংখ্যক বাংলাদেশি ক্রিকেটারের ওপর চোখ রাখছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রায় অর্ধশত ক্রিকেটার, যা সাম্প্রতিক সময়ের যেকোনো বিদেশি লিগের তুলনায় ঢের বেশি।
এবারের পিএসএল ড্রাফটে বাংলাদেশের অংশগ্রহণ কেবল সংখ্যার বিচারেই নয়, শক্তির বিচারেও বেশ ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞ তারকা থেকে শুরু করে উদীয়মান তরুণ সব মিলিয়ে ৫০ জন টাইগার ক্রিকেটার তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বা ভিত্তিমূল্যে ভাগ হয়ে নিলামের অপেক্ষায় আছেন। ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়তে মুখিয়ে আছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রে থাকবেন টি-টোয়েন্টি স্পেশালিস্টরা। বিশেষ করে নাহিদ রানা, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসানের মতো ক্রিকেটারদের নিয়ে নিলামের টেবিলে লড়াই হতে পারে। তাদের সাম্প্রতিক ফর্ম এবং টি-টোয়েন্টিসুলভ আক্রমণাত্মক মেজাজ পিএসএলের দলগুলোর পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে নিলামের উত্তাপ শুরু হওয়ার আগেই বড় সুখবর পেয়েছেন বাঁহাতি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে উঠার সুযোগ না দিয়েই মোস্তাফিজকে সরাসরি ৬ কোটি ৪৪ লাখ রুপির চুক্তিতে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যার ফলে কোনো অনিশ্চয়তা ছাড়াই আবারও পিএসএলের মাঠে ‘দ্য ফিজ’ ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা। গতবার পিএসএলে দল পেয়েছিলেন লিটন দাস। তবে আসর শুরুর আগেই ইনজুরির কারণে আর খেলতে পারেননি টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। এবারও নিলামে তার নাম রয়েছে।
আসন্ন এই নিলামে বাংলাদেশের বিপুলসংখ্যক ক্রিকেটারের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দিচ্ছে যে, পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো এখন বড় পরিসরে বাংলাদেশি প্রতিভার ওপর আস্থা রাখতে শুরু করেছে।
সময়ের আলো/এআর