দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সম্মতি চেয়ে ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, নীতিমালায় নির্ধারিত মাপকাঠি, আঞ্চলিক সাম্য এবং গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে প্রথম পর্যায়ে এমপিওভুক্তির জন্য বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চূড়ান্ত তালিকা করার আগে আবেদনের সঙ্গে দাখিলকৃত তথ্যাদি ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজের মাধ্যমে যাচাই করা হবে। প্রয়োজনে সরেজমিনেও তদন্ত করা হবে।
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) ৪৪০টি, স্নাতক (সম্মান) ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠান রয়েছে।
সময়ের আলো/কেএইচও