শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ যাওয়ার সময় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে শাহবাগের উদ্দেশ্যে একটি মিছিল বের হয়। মিছিলটি সাইন্সল্যাব মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এসময় বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
মুনতাসির নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে একটি মিছিল বের করেছিলাম। এর কারণে নাকি পুলিশরা আমাদের ওপর রাগ করেছে। তারা স্যারদের জানালে স্যারেরা আমাদের ধরে জিজ্ঞাসাবাদ করে।’
জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়ে দিয়েছিল। পুলিশ আমাদের ফোন দিয়ে বলল আমাদের ছাত্ররা সাইন্সল্যাবের দিকে গেছে। এরপর পুলিশ তাদের ধাওয়া দিয়েছে। গেটের সামনে থাকা কিছু শিক্ষার্থীদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জানতে পারলাম তারা নাকি হাদির ইস্যুতে মিছিল করছিল।
নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী জানান, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন সাইন্সল্যাব আসে তখন আমাদের আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজে পাঠানোর চেষ্টা করে। এমন সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কিছুটা বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন পুলিশের ওপর ইট-পাটকেল মারে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।
সময়ের আলো/কেএইচও