শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উন্নয়নের গতি বৃদ্ধি করতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেওয়ার লক্ষে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হবে বলে

2026-02-08T20:27:28+00:00
2026-02-08T20:27:28+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হবে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম 
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
উন্নয়নের গতি বৃদ্ধি করতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেওয়ার লক্ষে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনকে উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ভাষণে নাহিদ ইসলাম দাবি করেন, দেশের বর্তমান প্রশাসনিক কাঠামো এখনও ব্রিটিশ উপনিবেশ সৃষ্ট পুরোনো মডেলের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে ক্ষমতা ভয়াবহভাবে কেন্দ্রীভূত। দেশের প্রচলিত শাসন সংস্কৃতিতে রাজনীতিক, আমলা ও অসাধু ব্যবসায়ী গোষ্ঠী এই কেন্দ্রীভূত ব্যবস্থাকে ধরে রাখছে। ফলে ঢাকার অনুমোদন ছাড়া স্থানীয় পর্যায়ের কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয় না, যা উন্নয়নের গতি বাধাগ্রস্ত করে এবং জনগণের প্রয়োজন উপেক্ষিত থাকে। ফলে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। 

ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত এ প্রার্থী বলেন, খাদ্য, কৃষি, বস্ত্র, গৃহায়ন, ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নারী-শিশু উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত সেবার মতো অধিকাংশ দায়িত্ব উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হবে। এতে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কমবে, স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী কর্মসূচি নেওয়া ও সেগুলো বাস্তবায়ন করা হবে এবং জনগণ সেবা পাবে। 

নাহিদ ইসলাম জানান, কেন্দ্রীয় সরকার মূলত প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং জাতীয় অবকাঠামোর মতো বড় বিষয়গুলো পরিচালনা করবে। আর উপজেলা ও পৌর প্রশাসন জনগণের দৈনন্দিন সেবা নিশ্চিত করবে, এমনটিই উন্নত দেশগুলোর প্রশাসনিক কাঠামোতে চালু আছে।


উপজেলা পর্যায়ে বিচার ব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার জানিয়ে ভাষণে নাহিদ ইসলাম বলেন, বিচার ব্যবস্থার জট কমাতে উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হবে। ইউনিয়ন পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা ও আয়োজন করা হবে, যাতে ছোটখাটো বিরোধে স্থানীয়ভাবেই দ্রুত সমাধান পায়। 

একইভাবে আইন-শৃঙ্খলা ব্যবস্থায় উপজেলা পর্যায়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি জননিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে দ্রুত ও কার্যকরভাবে নাগরিকদের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান করা যায়।

স্থানীয় সরকারে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ন্যূনতম স্নাতক-পাস যোগ্যতা বাধ্যতামূলক করা হবে জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি ব্যবস্থাকে কার্যকর করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত নেতাদের প্রকৃত ক্ষমতা দেওয়া হবে এবং কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রতিটি স্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে। 

ভাষণকালে শক্তিশালী কেন্দ্র ভেঙে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

এফআর
  বিষয়:   শাসন ব্যবস্থা  বিকেন্দ্রীকরণ  নাহিদ ইসলাম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: