পিএমআই সূচক অর্থনীতিতে গতি আরও কমেছে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে সম্প্রসারণ অব্যাহত থাকলেও এর গতি কিছুটা শ্লথ হয়েছে বলে জানিয়েছে সবশেষ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)। জানুয়ারি

2026-02-08T21:33:55+00:00
2026-02-08T21:34:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
অর্থনীতি
পিএমআই সূচক অর্থনীতিতে গতি আরও কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৯:৩৪ পিএম
প্রতীকী ছবি
দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে সম্প্রসারণ অব্যাহত থাকলেও এর গতি কিছুটা শ্লথ হয়েছে বলে জানিয়েছে সবশেষ পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই)। জানুয়ারি মাসে বাংলাদেশের পিএমআই সূচক ডিসেম্বরের তুলনায় ০.৩ পয়েন্ট কমে ৫৩.৯-এ দাঁড়িয়েছে। ডিসেম্বরে এই সূচকের মান ছিল ৫৪ দশমিক ২। জানুয়ারিতে সূচক অনুযায়ী কৃষি, উৎপাদন ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। 

অন্যদিকে, আগের মাসে সংকোচনের পর নির্মাণ খাত আবার সম্প্রসারণে ফিরে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে রোববার (৮ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদনে দেখা যাচ্ছে, কৃষি খাতের পিএমআই সূচকের মান ছিল ৫৩ ও উৎপাদন খাতের ৫২ দশমিক ১- এই দুটি খাতের সম্প্রসারণের গতি ডিসেম্বরের তুলনায় কমেছে। এ ছাড়া, নির্মাণ খাতের পিএমআই সূচক ছিল ৫৮ দশমিক ২ ও সেবা খাতের ৫৪ দশমিক ১। 

দেশের অর্থনীতির প্রধান চারটি খাত অর্থাৎ কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাত নিয়ে প্রতি মাসে এই পিএমআই ইনডেক্স প্রকাশ করা হচ্ছে। এই সূচকের মান ৫০-এর ওপরে থাকলে বোঝা যায় যে সেই খাতের সম্প্রসারণ হয়েছে। মান ৫০-এর নিচে থাকলে ধরে নেওয়া হয় সেই খাতের সংকোচন হয়েছে। 


ভবিষ্যৎ ব্যবসা সূচকের ক্ষেত্রে কৃষি, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা- অর্থনীতির সব প্রধান খাতেই দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে, ব্যবসায়ীরা অর্থনীতির বিষয়ে ইতিবাচক। 

উত্তরদাতাদের বক্তব্য হলো, সার্বিকভাবে ব্যবসায়িক পরিস্থিতি দুর্বল ও অনিশ্চিত। কাঁচামাল, শ্রম, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে খরচ বেড়েছে, যদিও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। 

আসন্ন নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসার ক্ষেত্রে বড় উদ্বেগ হিসেবে কাজ করছে। ফলে কার্যাদেশ স্থগিত, বিনিয়োগে অনীহা ও ক্রেতাদের সতর্ক আচরণ দেখা যাচ্ছে। মৌসুমি প্রভাব ও আমদানির কারণে কিছু খাতে চাহিদা আরও কমেছে। অনেক ব্যবসায়ী মার্চের পর বা নির্বাচনের পর পরিস্থিতির উন্নতির আশা করছেন। তারা বলছেন, বর্তমানে উচ্চ খরচ ও নগদ অর্থের সংকট ব্যবসা-বাণিজ্যে চাপ সৃষ্টি করছে। 

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, অর্থনৈতিক সম্প্রসারণের গতি শ্লথ হয়েছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থা পুনরুদ্ধারের গতি কমে যাওয়া, কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা- এসব কারণে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। 

মাসরুর রিয়াজ আরও বলেন, শরৎকালীন ধান কাটায় বিলম্বের পর কৃষি খাতেও মন্দার লক্ষণ দেখা যাচ্ছে। তবে অর্থনীতির সব প্রধান খাতে ভবিষ্যৎ ব্যবসা সূচকের যে ধারাবাহিক সম্প্রসারণ দেখা যাচ্ছে, তাতে ভবিষ্যতে টেকসই আশাবাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে। রোববার ডিসেম্বরের পিএমআই প্রকাশ করা হয়েছে।   

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে কৃষি উৎপাদন ও পরিষেবা খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। একইসঙ্গে আগের মাসে সংকোচনের পর নির্মাণ খাত আবার সম্প্রসারণে ফিরেছে। কৃষি খাতে টানা পঞ্চম মাসের মতো সম্প্রসারণ রেকর্ড হয়েছে, যদিও প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। নতুন ব্যবসা ও কার্যক্রম বৃদ্ধি পেলেও কর্মসংস্থান এবং উৎপাদন উপকরণ খরচ সূচকে সংকোচন দেখা গেছে। 

উৎপাদন খাত টানা ১৭তম মাসের মতো সম্প্রসারণে রয়েছে। নতুন অর্ডার, কারখানা উৎপাদন, আমদানি, উৎপাদন উপকরণের মূল্য এবং সরবরাহকারীদের ডেলিভারি সূচকে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে নতুন রফতানি, উৎপাদন উপকরণ ক্রয়, সমাপ্ত পণ্য এবং কর্মসংস্থানে সংকোচন লক্ষ্য করা গেছে। এ সময় অর্ডার ব্যাকলগ আবার সম্প্রসারণে ফিরেছে। 

নির্মাণ খাতেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম এবং উৎপাদন উপকরণ ব্যয়ে সম্প্রসারণ হলেও কর্মসংস্থান এবং অর্ডার ব্যাকলগ সূচকে সংকোচন রেকর্ড হয়েছে। 

অন্যদিকে, পরিষেবা খাত টানা ১৬তম মাসের মতো সম্প্রসারণ রেকর্ড করেছে এবং এ খাতে প্রবৃদ্ধির গতি আরও জোরদার হয়েছে। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম, কর্মসংস্থান, উৎপাদন উপকরণ ব্যয় এবং অর্ডার ব্যাকলগ- সব সূচকেই সম্প্রসারণ দেখা গেছে। 

প্রতিবেদনে ভবিষ্যৎ ব্যবসা পরিস্থিতি নিয়ে ইতিবাচক আভাস পাওয়া গেছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও পরিষেবা- অর্থনীতির সব প্রধান খাতেই দ্রুততর সম্প্রসারণের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। 

তবে উত্তরদাতাদের মতে সার্বিক ব্যবসায়িক পরিবেশ এখনও দুর্বল ও অনিশ্চিত। কাঁচামাল, শ্রম, পরিবহন এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে খরচ বেড়েছে, কিন্তু বিক্রি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। আসন্ন নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তাও ব্যবসায় বড় উদ্বেগ তৈরি করছে। এর ফলে অর্ডার স্থগিত রাখা, বিনিয়োগে অনীহা এবং ক্রেতাদের সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। 

পাশাপাশি মৌসুমি প্রভাব এবং আমদানির কারণে কিছু খাতে চাহিদা কমেছে। যদিও অনেক ব্যবসায়ী মার্চ বা নির্বাচনের পর পরিস্থিতির উন্নতির আশা করছেন, বর্তমানে উচ্চ খরচ ও নগদ অর্থ সংকট ব্যবসার ওপর চাপ সৃষ্টি করছে। 

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ আরও বলেন, সবশেষ পিএমআই সূচকগুলো অর্থনীতিতে সম্প্রসারণের গতি শ্লথ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার দুর্বল পুনরুদ্ধার এবং সতর্ক অর্ডার প্রদানের কারণে উৎপাদন খাতের রফতানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। দেরিতে শরৎকালীন ধান কাটার ফলে কৃষি খাতেও কিছুটা মন্দাভাব দেখা গেছে। তবে সব খাতে ভবিষ্যৎ ব্যবসা সূচকের ধারাবাহিক সম্প্রসারণ অর্থনীতিতে টেকসই আশাবাদের ইঙ্গিত বহন করছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   এমসিসিআই  পলিসি এক্সচেঞ্জ  পিএমআই সূচক  অর্থনীতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: