প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ ফেব্রুয়ারি কানাডায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মো. শাহনেওয়াজ দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মো. শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তার সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুর করা গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তার সুর করা আরও শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কী করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘সুখের সংজ্ঞা কী যদি আমি জানতাম’, ‘সবাই তো শাজাহান হতে চায়’, ‘আমার জসীমউদ্দীন কই নকশী কাঁথার মাঠে’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’, ‘চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ’, ‘চোখ দেখি, মুখ দেখি, অন্তর দেখি না’, ‘আজ থেকে আমি বউ তুমি যে স্বামী’ ও ‘ভালোবাসি আমার মাকে ভালোবাসি মায়ের ভাষাকে’ ইত্যাদি।
মো. শাহনেওয়াজের সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, মো. আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পীই কণ্ঠ দিয়েছেন।
বিটিভিতে প্রচারিত নাটক ‘তৃষ্ণা’র সংগীত পরিচালনার জন্য তিনি জার্মানি থেকে বেস্ট টিভি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহিদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
সময়ের আলো/এআর