৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। উত্তীর্ণ সবাই বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়।
ফল জানা যাবে যেভাবে
৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। এ ছাড়া, টেলিটকের মাধ্যমে যে কোনো মোবাইল হতে এসএমএস করে ফল জানা যাবে। সেক্ষেত্রে PSC50 Registration Number লিখে ১৬২২২-তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বারসহ Qualified অথবা Not Qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে।
এদিকে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে পিএসসি। আগামী ৯ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হতে পারে। সব পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার আগে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
এর আগে, গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১৯০টি কেন্দ্রে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এ বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া, প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। এ ছাড়া, নন-ক্যাডারের পদ রয়েছে ৩৯৫টি।
সময়ের আলো/এনএ