নির্বাচনের হাওয়ায় আলোচনার কেন্দ্রে তারকাদের অবস্থান। এবার সেই আলোচনার মাঝখানে ঢালিউড অভিনেতা ওমর সানী। ফেসবুকে তিনি স্পষ্ট জানালেন—আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকেই তার ভোট। ব্যস, পোস্টটি ছড়াতেই নেটদুনিয়ায় শুরু তর্ক-বিতর্কের ঝড়।
কেউ তার রাজনৈতিক পছন্দকে ব্যক্তিগত অধিকার বলে সমর্থন জানিয়েছেন, আবার কেউ টেনে এনেছেন অতীতের প্রসঙ্গ। কয়েক বছর আগে তার স্ত্রী, অভিনেত্রী মৌসুমী নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন—এই তথ্য ঘিরেই প্রশ্ন তুলেছেন অনেকে। একজন ভক্তের সরাসরি প্রশ্ন, ‘আপনার বউ না নৌকার মনোনয়ন চেয়েছিল?’
সমালোচনার জবাবেও ওমর সানী ছিলেন স্বভাবসুলভ হালকা মেজাজে। মজা করেই লিখেছেন, ‘আমি চাইছিলাম, বলো না বাবা?’ একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি নিজে কখনো আওয়ামী লীগের মনোনয়ন চাননি।
এই খুনসুটির মাঝেই অনেক ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। কেউ বলছেন, রাজনৈতিক মত আলাদা হতেই পারে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আবার কেউ মনে করছেন, শিল্পী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করায় তিনি সাহস দেখিয়েছেন।
এর আগেও গাজীপুর-২ আসনের এক প্রার্থীর পক্ষে ভিডিও বার্তায় সমর্থন দিয়ে আলোচনায় এসেছিলেন ওমর সানী। অভিনয়ের বাইরে ব্যক্তিগত মতামতেও তাই তিনি বরাবরই খোলামেলা—আর সেটাই তাকে বারবার নিয়ে আসে আলোচনার কেন্দ্রে।
সময়ের আলো/এআর