কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ২০ গজ পশ্চিমে একটি নেপিয়ার ঘাসের খেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বানিয়াকান্দি বাজার সংলগ্ন মতিন মাস্টারের নেপিয়ার ঘাসের খেতে মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান। সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের জানান।
পরে প্রশাসনকে খবর দেওয়া হলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি থেকে লাল টেপে মোড়ানো ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেন।
দুপুর ১টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, উদ্ধার করা বস্তুগুলো বাজারসংলগ্ন সড়কের ওপর কয়েকটি পাত্রে রাখা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য সতর্ক অবস্থানে কাজ করছেন। ঘটনাস্থলের আশপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ঘাসের ভেতরে একটি মুখ বাঁধা ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দিই। পরে আরও একটি ব্যাগ দেখতে পেয়ে প্রশাসনকে জানানো হয়।
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ভোটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। এতে এলাকাবাসী ও ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি নিরাপত্তা জোরদারের দাবি জানান।
ওসি জামাল উদ্দিন জানান, উদ্ধার করা বস্তুগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আরবিএন