ক্রিকেট যদি নাটক হয়, তা হলে আহমেদাবাদের এই ম্যাচ নিঃসন্দেহে তার পূর্ণদৈর্ঘ্য সিনেমা। একবার নয়, দুবার সুপার ওভার হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ও অবিশ্বাস্য লড়াইয়ে আফগানিস্তানকে হারাতে প্রোটিয়াদের খেলতে হয়েছে দুটি সুপার ওভার। নির্ধারিত ২০ ওভার, প্রথম সুপার ওভার- সব শেষে দ্বিতীয় সুপার ওভারের রোমাঞ্চেই মিলেছে ফল।
টস হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ৬ উইকেটে ১৮৭ রান। রায়ান রিকেলটন ৬১ এবং কুইন্টন ডি কক ৫৯ রানের দারুণ ইনিংস খেলেন। মাঝের দিকে দ্রুত কিছু উইকেট পড়লেও শেষ দিকে কার্যকর ব্যাটিংয়ে প্রতিযোগিতামূলক সংগ্রহ পায় প্রোটিয়ারা। আফগানিস্তানের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই বল হাতে ছিলেন উজ্জ্বল, চার ওভারে ৩ উইকেট নিয়ে দেন ৪১ রান।
জবাবে আফগানিস্তান শুরু থেকেই পাল্টা আক্রমণ চালায়। রাহমানুল্লাহ গুরবাজ ৪২ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচে রাখেন দলকে। লুঙ্গি এনগিডি ৩/২৬ নিয়ে চাপ তৈরি করলেও শেষ ওভারে গিয়ে ম্যাচ পায় অবিশ্বাস্য মোড়।
আরও পড়ুন
শেষ ওভারে কাগিসো রাবাদার প্রথম বলে নূর আহমেদ ক্যাচ তুলে দিলে দক্ষিণ আফ্রিকা ১২ রানের জয় উদযাপন শুরু করে। কিন্তু রিপ্লেতে ধরা পড়ে রাবাদা নো-বল করেছেন। খেলোয়াড়দের মাঠে ডাকা হয়। এরপর ওয়াইড, ফ্রি-হিট, ছক্কা-সমীকরণ নেমে আসে হাতের মুঠোয়। তবু শেষ মুহূর্তে ফজলহক ফারুকির অপ্রয়োজনীয় দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউট ম্যাচ গড়ায় সুপার ওভারে।
প্রথম সুপার ওভারে আফগানিস্তান তোলে ১৭ রান। জবাবে শেষ তিন বলে ১১ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ডেওয়াল্ড ব্রেভিস ছক্কা মেরে পরের বলেই আউট হন। ট্রিস্টান স্টাবস একবার চার, এক ডট বলের পর শেষ বলে লো ফুলটস ছক্কা হাঁকিয়ে স্কোর সমান করেন।
দ্বিতীয় সুপার ওভারে স্টাবস ও ডেভিড মিলার মিলে তিন ছক্কায় ২৩ রান তোলেন। জবাবে গুরবাজ আবারও ঝড় তোলেন, কেশব মহারাজকে টানা তিন ছক্কা মারেন। শেষ বলে পাঁচ রান দরকার ছিল আফগানিস্তানের। মহারাজ এবার নিখুঁত ইয়র্কার করেন, গুরবাজ পয়েন্টে ক্যাচ দিলে শেষ হয় অবিশ্বাস্য নাটক।
এক ম্যাচে জয়, পরাজয়, আবার জয়- সবকিছুর স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। আর আফগানিস্তানের জন্য এই হার ‘গ্রুপ অব ডেথ’ থেকে পরের পর্বে ওঠার সমীকরণ কঠিন করে দিল। তবে নিরপেক্ষ দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় লড়াই হয়ে থাকবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টাই ম্যাচগুলো
ভারত-পাকিস্তান, ডারবান, ২০০৭
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, পাল্লেকেলে, ২০১২
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, পাল্লেকেলে, ২০১২
নামিবিয়া-ওমান, ব্রিজটাউন, ২০২৪
যুক্তরাষ্ট্র-পাকিস্তান, ডালাস, ২০২৪
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, আহমেদাবাদ, ২০২৬*
দক্ষিণ আফ্রিকার টাই ম্যাচের ফল (টি-টোয়েন্টি আন্তর্জাতিক)
শ্রীলঙ্কার বিপক্ষে জয়, কেপটাউন, ২০১৯
আফগানিস্তানের বিপক্ষে জয়, আহমেদাবাদ, ২০২৬ বিশ্বকাপ
আফগানিস্তানের টাই ম্যাচের ফল (টি-টোয়েন্টি আন্তর্জাতিক)
আয়ারল্যান্ডের বিপক্ষে হার, নয়ডা, ২০২০
ভারতের বিপক্ষে হার, বেঙ্গালুরু, ২০২৪ (দ্বিতীয় সুপার ওভারে)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার, আহমেদাবাদ, ২০২৬ বিশ্বকাপ (দ্বিতীয় সুপার ওভারে)
এএডি/