নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সম্ভাব্য অস্থিরতা এড়াতে সতর্ক অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেছেন, রাজধানীর একাধিক আসনে ফলাফল প্রভাবিত করার লক্ষ্যে সংগঠিতভাবে ‘মব’ তৈরির চেষ্টা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
পোস্টে তিনি বলেন, এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসমর্থন তৈরি হয়েছে এবং ভোটাররা তাদের রায় স্পষ্টভাবে ব্যালটের মাধ্যমে জানিয়েছেন। তবে কিছু এলাকায় ফল ঘিরে অস্বাভাবিক চাপ সৃষ্টি এবং জনসমাগমের মাধ্যমে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
নাছির উদ্দীন নাছির সতর্ক করে বলেন, ফলাফলকে কেন্দ্র করে কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি বা ‘মব সংস্কৃতি’ চালু করার চেষ্টা হলে ছাত্রদল তা নীরবে দেখবে না। সংগঠনটি মাঠপর্যায়ে সতর্ক রয়েছে এবং প্রয়োজন হলে সাংগঠনিকভাবে প্রতিক্রিয়া জানাবে।
তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের রায়ই চূড়ান্ত। সেই রায়কে সম্মান জানানো রাজনৈতিক দল ও কর্মীদের দায়িত্ব। নির্বাচন-পরবর্তী সময়কে শান্ত ও স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
এদিকে, ফলাফল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নিজেদের অবস্থান স্পষ্ট করছে। সম্ভাব্য উত্তেজনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন-পরবর্তী এই পর্যায়ে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অবস্থানের মধ্যেই মূল প্রশ্ন- পরিস্থিতি কতটা শান্ত থাকে এবং দলগুলো কতটা সংযম দেখায়।
এএডি/