রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫% হারিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ইমরান খানের সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম। তাকে সুচিকিৎসা দেওয়ার আকুতি জানিয়েছেন ওয়াকার ইউনুসও।
আকরাম তার পোস্টে লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খান স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন শুনে মন ভেঙে যাচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নেবে এবং তার সম্ভাব্য সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করবে। তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’
একটি আদালতের নিয়োগকৃত আইনজীবী সালমান সফদারের রিপোর্ট অনুযায়ী, ইমরানের ডান চোখে এখন মাত্র ১৫% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে।
রিপোর্টে দাবি করা হয়েছে যে, গত বছর অক্টোবর থেকেই তিনি ঝাপসা দেখার অভিযোগ করছিলেন। কিন্তু জেল কর্তৃপক্ষ সময়মতো কোনো ব্যবস্থা নেয়নি। পরে জানা যায়, তার চোখের রেটিনায় রক্ত জমাট বাঁধার কারণে এই স্থায়ী ক্ষতি হয়েছে।
২০২৩ সালের আগস্টে গ্রেফতার হন ইমরান। তার স্বাস্থ্যের এই রিপোর্টের ভিত্তিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে তার পূর্ণাঙ্গ চক্ষু পরীক্ষার নির্দেশ দিয়েছে।
আকরাম ছাড়াও ওয়াকার ইমরানের জন্য মানবিক আচরণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রাজনীতিকে একপাশে সরিয়ে রাখুন। আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়া জগতে আমাদের সবচেয়ে গৌরবান্বিত মুহূর্ত এনে দিয়েছেন, একটি ক্যানসার হাসপাতাল (যেটা) আমার মাসহ অনেককে সাহায্য করেছে, তার স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি তিনি যেন সময়মতো সঠিক চিকিৎসা পান। দ্রুত সুস্থ হয়ে উঠুন অধিনায়ক।’
ক্যানসারের কাছে হার মানা মায়ের প্রতি সম্মান জানিয়ে ইমরান প্রতিষ্ঠা করেছেন শওকত খানম ক্যানসার হাসপাতাল। এই হাসপাতালের জন্য তহবিল সংগ্রহে গত তিন মাস যুক্তরাষ্ট্রে থাকা শোয়েব আখতার বলেছেন, ‘তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলার খবর শুনে আমি মর্মাহত। আমি আশা করব, তিনি সুচিকিৎসা পাবেন এবং আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
সময়ের আলো/এআর