মার্চে হইচইতে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুরমার ঝুলি’। এতে একেবারে ভিন্ন লুকে হাজির হচ্ছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই রহস্যঘেরা গোয়েন্দা গল্পে তিনি অভিনয় করছেন গিরিজাবালা সান্যাল নামের এক রহস্যময় বৃদ্ধার চরিত্রে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিরিজটির ফার্স্ট লুক। এতে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক শ্রাবন্তীকে। অফ-হোয়াইট শাড়ি, ফুলহাতা সোয়েটার, পাকা চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা। সামনে পানের ডিব্বা, আতশ কাচ ও চায়ের কাপ— সব মিলিয়ে চরিত্রের রহস্যময় আবহ ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
গল্পে বিষ্ণুপুরের বাসিন্দা গিরিজাবালা সান্যালের বয়স ষাটের কোঠায়। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্থির ও সংযত নারী। জীবনের বহু শোক-দুঃখের সাক্ষী। জীবনের নানা প্রতিকূলতা তাকে আরও দৃঢ় করেছে। অল্প বয়সেই স্বামীকে হারিয়েছেন। পরে একমাত্র ছেলেকেও হারানোর শোক এই দুই আঘাত তার ব্যক্তিত্বে এনেছে নীরব সহনশীলতা ও গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। কথা কম বললেও, মানুষ ও পরিস্থিতি বুঝে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে তার।
গিরিজাবালার একাকিত্বের সঙ্গী তার তিন পোষ্য বিড়াল হরি, বেলা ও ফন্টে। গিরিজাবালার একাকিত্ব জীবনের বড় মোড় আসে নাতনি যাজ্ঞসেনীর ফিরে আসায়।
বন্ধুর বিয়েতে যোগ দিতে এসে হঠাৎ ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যুর ঘটনায় সবকিছু বদলে যায়। সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নিজেই নেমে পড়েন গিরিজাবালা। শুরু হয় তার গোয়েন্দাগিরি যা নতুন পথে এগিয়ে নিয়ে যায় গল্পকে।
রহস্যের জাল ভেদে গিরিজাবালার এই যাত্রা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে ২০ মার্চ মুক্তি পর্যন্ত। এই সিরিজে শ্রাবন্তীর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ দিব্যানী মণ্ডল। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।
এফআর