ঝালকাঠি সদরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী খোকন বেপারি সদর উপজেলার পোনাবালিয়ার মৃত. হাকিম ব্যাপারীর ছেলে। অভিযুক্ত মেহেদী হাছান মাঝি স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মেহেদি হাসান মাঝির নেতৃত্বে কাওছার মাঝি, তানিম খলিফা, রিয়াদ মৃধা বিএনপির কর্মী খোকন বেপারীর উপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা মেহেদী হাছান মাঝি বলেন, আমি ও খোকন ভাই আত্মীয়। আমাদের মধ্যে বিএনপির নির্বাচনি ওয়ার্ক করা নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। আমি সেটা সমাধান করতে আসছিলাম। আমি কোনো হামলা করিনি। খোকন বেপারী উল্টাে আমার কলার ধরেছিল, পরে আমি সেখান থেকে চলে আসি।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/আআ