গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, ভূমি অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নির্মাণকাজ চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
ভূমি অফিস সূত্রে জানা যায়, মাওনা মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত এসএ ৫৯৩ এবং আরএস দাগ নং ৬৭৩২-এর জমির মালিক সরকার। সংশ্লিষ্ট জমিটি মাওনা ভূমি অফিস থেকে প্রায় একশ গজ দূরত্বে অবস্থিত। অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে ওই জমিতে হোসেন আলী নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণকাজ শুরু করেন।
স্থানীয়দের ভাষ্য, মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাবের ছত্রছায়ায় এ দখল কার্যক্রম চলছে। দখলকৃত জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে।
এ বিষয়ে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম দাবি করেন, স্থানীয় ভূমি অফিসের মৌখিক অনুমতি নিয়েই তিনি বাড়ি নির্মাণ করছেন। এছাড়া জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে রয়েছে বলেও তিনি জানান।
অভিযোগের বিষয়ে মাওনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহাব নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, বাড়ি নির্মাণের বিষয়টি তিনি আগে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/আরবিএন