কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্র জানতে পারি সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বন্দি করে রাখা হয়েছে। পরে টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মানব পাচারকারী মো. আব্দুল আলীর বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধার ভুক্তভোগীরা জিজ্ঞাসাবাদে জানায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবন ও উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মালয়েশিয়ায় সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পরবর্তীতে উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। মানব পাচার রোধে কোস্টগার্ড এ ধরনের অভিযান চলমান রাখবে।
সময়ে আলো/আআ