ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে শহিদুল ইসলাম (শহিদ) নামের এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তিনি পীরগঞ্জ থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযানে চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হন শহিদুল ইসলাম। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, আসামি ধরে গাড়িতে ওঠার সময় শহিদুল ইসলাম অসুস্থ বোধ করেন।
তিনি আরও বলেন, দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই শহিদের মৃত্যু হয়।
সময়ের আলো/আআ