চট্টগ্রামের সাতকানিয়ায় রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সরবরাহ সংকট দেখানোর উদ্দেশ্যে হিমাগারে বিপুল পরিমাণ খেজুর মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চর খাগরিয়া এলাকায় অবস্থিত মেসার্স বার আউলিয়া হিমাগারে এ অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় হিমাগারটিতে প্রায় ৭৫০ থেকে ১ হাজার মেট্রিক টন খেজুর পাওয়া যায়। এ খেজুরগুলো দীর্ঘদিন ধরে মজুদ করে রাখা হয়েছে বলে জানা যায়। রমজান উপলক্ষে বাজারে সরবরাহ কম দেখিয়ে দাম বাড়ানোর চেষ্টা বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।
এ সময় হিমাগার কর্তৃপক্ষ সংরক্ষণ ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ ধারায় হিমাগার মালিকপক্ষের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে হিমাগারে কোনো পণ্য সাত দিনের বেশি সংরক্ষণ না করার বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, ‘রমজানকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। ভোক্তা স্বার্থবিরোধী যে-কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সময়ের আলো/কেএইচও