রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও মানসিক প্রশান্তির সময়। কিন্তু বাস্তবে এই মাসে নারীদের দায়িত্ব যেন কয়েকগুণ বেড়ে যায়। কর্মজীবী নারীদের অফিস সামলাতে হয়, আবার গৃহিণীদের সারা দিনে ঘরের কাজের শেষ থাকে না। এর সঙ্গে যোগ হয় সেহরি-ইফতারের প্রস্তুতি, পরিবারের যত্ন এবং ইবাদতের সময় বের করার চ্যালেঞ্জ। তাই রমজানে স্বস্তি ধরে রাখতে সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক সময় ব্যবস্থাপনা।
পরিকল্পিত সূচি মানেই অর্ধেক কাজ শেষ
রমজানে হঠাৎ করে সবকিছু গুছিয়ে করা কঠিন হয়ে পড়ে। তাই মাস শুরু হওয়ার আগেই একটি সহজ রুটিন তৈরি করা ভালো। সপ্তাহভিত্তিক বাজারের তালিকা বানানো, প্রয়োজনীয় মসলা ও শুকনো খাবার আগে কিনে রাখা, কিছু রান্না আধা প্রস্তুত করে ফ্রিজে রাখা, এসব ছোট প্রস্তুতি প্রতিদিনের কাজ অনেক সহজ করে দেয়। পরিকল্পনা থাকলে অযথা দুশ্চিন্তা কমে এবং ইবাদতের জন্য সময় বের করা সহজ হয়।
কর্মজীবী নারীদের জন্য সময় ভাগ করার কৌশল
অফিসের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ তৈরি হয়। তাই সকালবেলা একটু আগে উঠে দিনের কাজ গুছিয়ে নেওয়া উপকারী। সেহরির পর অল্প সময় কুরআন তেলাওয়াত বা দোয়া করলে মন শান্ত থাকে এবং সারা দিন কাজ করার শক্তি পাওয়া যায়। অফিসে দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝেমধ্যে ছোট বিরতি নেওয়া উচিত। এতে মনোযোগ বাড়ে এবং ক্লান্তি কমে।
ব্যাংকার ফারজানা মাহমুদা নিপা বলেন, ‘অফিস থেকে ফিরে সব কাজ একসঙ্গে করার চেষ্টা না করে কাজগুলো ভাগ করে নেওয়া দরকার। পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে চাপ অনেক কমে যায়। আমি মনে করি, রমজানে একা সব সামলানোর মাস নয়, এটি পারস্পরিক সহযোগিতার সময়।’
গৃহিণীদের জন্য সহজ সময় ব্যবস্থাপনা
গৃহিণীদের কাজ বাইরে থেকে কম মনে হলেও বাস্তবে তা অনেক বেশি পরিশ্রমের। তাই দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ ও ভারী কাজগুলো শেষ করা ভালো। কারণ সকালবেলায় শক্তি তুলনামূলক বেশি থাকে। দুপুরের পর হালকা কাজ রেখে কিছুটা বিশ্রাম নেওয়া জরুরি। অল্প সময়ের ঘুমও শরীরকে সতেজ করে তোলে এবং বিকালের ক্লান্তি কমায়।
গৃহিণী খালেদা খানম বলেন, ‘একটানা কাজ না করে কাজের মাঝে ছোট বিরতি রাখা উচিত। এতে শরীর সুস্থ থাকে এবং মন ভালো থাকে। নিজের যত্ন নেওয়াও ইবাদতেরই অংশ, এই বিষয়টি মনে রাখা প্রয়োজন।’
সহজ ও পুষ্টিকর ইফতার পরিকল্পনা
রমজানে অনেক সময় ইফতারের আয়োজনই সবচেয়ে বেশি চাপের কারণ হয়ে দাঁড়ায়। অপ্রয়োজনীয় অনেক পদ তৈরির পরিবর্তে সহজ, পুষ্টিকর ও পরিমিত খাবারে গুরুত্ব দেওয়া ভালো। ফল, ডাল, সবজি, হালকা ভাজি বা ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার শরীরের জন্য উপকারী এবং সময়ও কম লাগে।
ইফতারের প্রস্তুতিতে পরিবারের অন্য সদস্যদের যুক্ত করা গেলে কাজ দ্রুত শেষ হয় এবং একসঙ্গে কাজ করার আনন্দও তৈরি হয়। এতে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়।
ইবাদতের জন্য নির্দিষ্ট সময় রাখা
রমজানের মূল লক্ষ্যই হলো আত্মিক উন্নতি। কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই ইবাদতের জন্য আলাদা সময় বের করতে পারেন না। তাই প্রতিদিন অল্প হলেও নির্দিষ্ট সময় ঠিক করা প্রয়োজন। যেমন ফজরের পর বা রাতে তারাবির আগে কিছু সময় কুরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় ব্যয় করা।
স্কুলশিক্ষিকা মোনালিসা আক্তার বলেন, ‘নিয়মিত অল্প ইবাদতও মানসিক শান্তি এনে দেয় এবং দৈনন্দিন কাজের শক্তি বাড়ায়। সময় ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো ইবাদতকে অগ্রাধিকার দেওয়া।’
নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ
রমজানে অনেক নারী পরিবারের সবার কথা ভাবতে গিয়ে নিজের স্বাস্থ্যের কথা ভুলে যান।
পর্যাপ্ত পানি পান, সুষম খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। শরীর সুস্থ না থাকলে ইবাদত বা কাজ, কোনোটিই ঠিকভাবে করা সম্ভব নয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিরিন আহমেদ পিউ বলেন, ‘কিছুটা ব্যক্তিগত সময় রাখা, পছন্দের বই পড়া বা নীরবে বিশ্রাম নেওয়াও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। এতে মন প্রফুল্ল থাকে এবং রমজানের সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করা যায়।’
শান্ত, সুন্দর ও ফলপ্রসূ রমজানের পথে
সঠিক পরিকল্পনা, সময় ভাগ করে কাজ করা এবং পরিবারের সহযোগিতা, এই তিনটি বিষয় মেনে চললে রমজান অনেক সহজ হয়ে ওঠে। ব্যস্ততার মাঝেও তখন ইবাদতের প্রশান্তি অনুভব করা যায়।
রমজান কষ্টের নয়, বরং আত্মিক শান্তি ও ভালোবাসার মাস। সামান্য সচেতনতা আর সুশৃঙ্খল জীবনযাপনই পারে এই মাসকে নারীদের জন্য সত্যিকারের সুন্দর, স্বস্তিময় ও ফলপ্রসূ করে তুলতে।