চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর এবার তাদের সামনে টিকতে পারল না আরেক বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক শ্রীলঙ্কাও।
গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর আজ কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।
টসে জিতে আগে ব্যাটিং করা শ্রীলঙ্কা তুলেছিল ৭ উইকেটে ১৭৮ রান। সেই রান জিম্বাবুয়ে তাড়া করল ৩ বল বাকি থাকতে। এটি টি–টোয়েন্টিতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়।
আজও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন রাজা। ৫০ বলে ৮১ রান প্রয়োজন এমন সমীকরণে মাঠে নেমে রাজা খেলেছেন ২৫ বলে ৪৫ রানের ইনিংস।
৪৫ রানের ইনিংস খেলে যখন আউট হয়েছেন তখন জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০ বলে ১২ রান। শেষ ওভারে তাদের দরকার ছিল ৮ রান। মহেশ তিকশানার করা সেই ওভারের প্রথম বলে টনি মুনিওঙ্গা ছক্কা মারলে খেলা কার্যত শেষ হয়ে যায়।
কৃতিত্ব পাবেন জিম্বাবুয়ে ওপেনার ব্রায়ান বেনেটও। ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন বেনেট। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন ৬৪ রানে।
সময়ের আলো/এআর