ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে ছোটপর্দার চেয়ে বড় পর্দাতেই তার ব্যস্ততা বেশি। অভিনয়দক্ষতা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন অনেক আগেই। আজ এই অভিনেতার জন্মদিন। পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।
শুটিংয়ের প্রয়োজনে সাধারণত বাইরেই বেশি সময় কাটে সজলের। তবে বিশেষ দিনে ১২টা বাজার আগেই বাবা-মা ফোন দেন তাকে, এটা বেশ উপভোগ করেন সজল। ঘরোয়া আয়োজনে এই অভিনেতার জন্মদিন পালন হয়। তবে এবারের জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই তার।
অন্যদিনের মতোই লাইট-ক্যামেরাসহ নানা কাজে ব্যস্ত থাকবেন, সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে সময় কাটাবেন এই অভিনেতা।
এবারের জন্মদিন প্রসঙ্গে সজল বলেন, ‘এবারের জন্মদিনটি পড়ে গেছে শুক্রবারে। এই দিনটি এমনিতেই আমার কাছে বিশেষ। কারণ জুমার নামাজ আমার খুব প্রিয়। এর মধ্যে পবিত্র রোজা। এবারের রমজানের প্রথম জুমা। তাই রমজানকেই প্রাধান্য দিচ্ছি। তবে জন্মদিন হলেও অন্যদিনের মতোই ব্যস্ততা রয়েছে। দিনের প্রথম ভাগে একটি ফটোশুটের জন্য সময় দিতে হবে। এরপর জুমার নামাজ পড়ব। বিকালে সময় কাটবে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে। তাদের সঙ্গে ইফতার করব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিদ্যায় উচ্চশিক্ষা লাভ করলেও ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই। রোমান্টিক, কমেডি কিংবা সিরিয়াস গল্পের নাটকেও অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। কয়েক বছর ধরে চলচ্চিত্রে ব্যস্ততা বেড়েছে তার। শীর্ষ নায়িকাদের বিপরীতে অভিনয় করছেন তিনি।
বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন সজল।
এফআর