ঝিনাইদহে সড়ক দুর্ঘটনার মিছিল থামছেই না। ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি কলার হাট নামক স্থানে এবার প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই যুবক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলার হাটে আরাপপুর থেকে আসা মোটরসাইকেলে ও অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শান্ত হোসেন (২২) ঘটনাস্থলেই মারা যান।
শান্ত ঝিনাইদহ শহরের ছিমছাম লন্ড্রির মালিক আরাপপুর এলাকার শাহিনের ছেলে।
অপর যুবক ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ব্যাপারী পাড়ার টোটন হোসেনকে (২৪) আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক টোটনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টোটনের মৃত্যু হয়।
টোটনের মৃত্যুর খবর ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেন নিশ্চিত করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি নিজেই উপস্থিত ছিলাম। টোটনের মৃত্যুর খবর জেলা ছাত্র দলের সভাপতি সোমেনুজ্জামান সোমেনের মাধ্যমে আমরা জানতে পারি।
নিহত দুই পরিবারে মাঝে চলছে শোকের মাতম।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই