চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফেনীর মুহুরীগঞ্জে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ির আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩) এবং ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর পাটোয়ারী বাড়ির কামরুল ইসলাম রসুলের ছেলে জিহানুল ইসলাম শাওন (২০)।
পারিবারিক ও বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত শাওন ও জিসানসহ কয়েকজন বন্ধু মিলে বুধবার রাতে চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে যান। সেখানে রাত্রিযাপন শেষে আজ ভোরে তারা মোটরসাইকেলযোগে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন।
শাওন ও জিসান একই মোটরসাইকেলে ছিলেন। সকাল সোয়া ছয়টার দিকে তাদের মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি দ্রুতগতির ডাম্পট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সময়ের আলো/আআ