প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ১০:৫৬ পিএম
নিরব মিয়া ও জীবন। ছবি : সংগৃহীত নরসিংদীর রায়পুরায় কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই ইউনিয়নের সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে জীবন (২০)। নিরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নিরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আশারামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে জীবনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের কাছাকাছি পৌঁছালে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরে শুক্রবার রাতেই দুই বন্ধুর মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়।
স্থানীয়রা জানান, তিন বছর আগে জীবনের বাবা মারা যান। পরিবারের বড়ো সন্তান হিসেবে জীবনই পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। জীবনের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের অন্য সদস্যরা।
সময়ের আলো/এনএন