বাইবেলের বর্ণনা অনুসারে, প্রায় পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার রয়েছে ইসরায়েলের। এমন মন্তব্য করেছেন পশ্চিম জেরুজালেমে, অর্থাৎ ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক হাকাবি। সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আরব বিশ্বের দেশগুলো হাকাবির এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, হাকাবি আগে মার্কিন অঙ্গরাজ্য আরকানসাসের গভর্নর ছিলেন। ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ৭০ বছর বয়সি এই রাজনীতিক ও কূটনীতিক একজন ব্যাপ্টিস্ট ধর্মযাজক। তিনি নিজেকে খ্রিস্টান জায়নবাদী বলেও পরিচয় দেন।
গত শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে হাকাবি কার্লসনকে বলেন, ‘জায়নবাদী বলতে এমন একজন মানুষকে বোঝায়, যিনি বিশ্বাস করেন, ইহুদিদের একটি নিজস্ব মাতৃভূমি থাকার অধিকার আছে, যেখানে তারা নিরাপদে ও সুরক্ষিতভাবে থাকতে পারে। তারা বিশ্বাস করেন, ইহুদিদের ইসরাইলে বসবাসের অধিকার রয়েছে।’
হাকাবি আরও বলেন, ইসরাইলের অস্তিত্বের অধিকার এসেছে বাইবেল থেকে। এটি সেই ভূমি, যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তার নির্বাচিত জাতিকে দিয়েছিলেন। জবাবে কার্লসন বলেন, আদিপুস্তক বা বুক অব জেনেসিস অনুযায়ী ঈশ্বর হিব্রু পিতামহকে যে ভূখণ্ড দেওয়ার কথা বলেছেন, তা ইউফ্রেটিস (ফোরাত) নদী থেকে নীলনদ পর্যন্ত বিস্তৃত।
এরপর মাইক হাকাবি বলেন, এর মানে হচ্ছে প্রায় পুরো মধ্যপ্রাচ্য। অর্থাৎ লেভান্ত অঞ্চল। এতে ইসরায়েল, জর্ডান, সিরিয়া ও লেবানন পড়বে। পাশাপাশি সৌদি আরব ও ইরাকের বড় অংশও এর মধ্যে পড়বে।
কার্লসন প্রশ্ন করেন, এর মানে কি ইসরায়েলের ওই ভূমির ওপর অধিকার আছে? কার্লসন আরও বলেন, আপনি তো জেনেসিসের কথা বলছেন। আপনি বলছেন, সেটাই আসল দলিল? জবাবে হাকাবি বলেন, তারা সব নিয়ে নিলেও সমস্যা হতো না। কিন্তু আমরা আজ সেটি নিয়ে কথা বলছি না।
সময়ের আলো/এনএ