টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ানপাড়া বাজারে মুদি ও ইলেকট্রনিক মেকানিক দোকান পুড়ে ছাই। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মুদি দোকানী সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেন জানান, তারাবীর নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়িতে খাবার খেতে যাই। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে ছুটে এসে দেখি দোকান দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, দোকানের ভেতর থেকে একটা সুতাও বের করতে পারিনি। অন্তত ১৭-১৮ লাখ টাকার মালামাল ছিল। বেশিরভাগই ঋণের টাকা দিয়ে তোলা।
ইলেকট্রনিক মেকানিক আব্দুল জলিল জানান, তার দোকানে লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও মালামাল ছিল। খবর পেয়ে বাজারে ছুটে এলেও আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করতে পারেননি। তিনি বলেন, এই দোকানটাই ছিল আমার সংসারের একমাত্র ভরসা। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো জানি না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৮/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/জোই