পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা হঠাৎ করে পুলিশ মোবাইল ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন, তাদের মধ্যে ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) আসাদ মেহমুদও রয়েছেন। হামলার সময় ভ্যানের পাশ দিয়ে যাওয়া দুই বেসামরিক ব্যক্তি আহত হন।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি মারা যান।
বর্তমানে আরও তিন পুলিশ সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ফিতনা আল-খাওয়ারিজ’ জঙ্গিগোষ্ঠীর হামলায় ডিএসপি আসাদ মেহমুদ ও অন্যান্য শহীদ পুলিশ সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ চিরস্মরণীয়। শহীদরা জাতির ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে বিশেষ করে আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশগুলোতে সন্ত্রাসী হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
গত সোমবার খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় আহত নিরাপত্তা সদস্যদের বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলায় তিন ফেডারেল কনস্ট্যাবুলারি সদস্য নিহত হন। এছাড়া খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান ও বেলুচিস্তানের পিশিন জেলায় পৃথক অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।
সময়ের আলো/আরবিএন